র্যাব ও বিজিবির সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ চার ইয়াবা কারবারি নিহত হয়েছেন। গতকাল রবিবার ভোরে কক্সবাজারের টেকনাফ ও কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে প্রায় দেড় লাখেরও বেশি ইয়াবা বড়ি ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা জানান, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঢালা এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় নিহত মাদক ব্যবসায়ীরা হলেন: উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার গবি সোলতানের ছেলে দিল মোহাম্মদ (৪২), কক্সবাজার পৌরসভার চৌধুরীপাড়া এলাকার মো. ইউনূছের ছেলে রাশেদুল ইসলাম (২২) ও চট্টগ্রামের আমিরাবাদের মাস্টারহাট এলাকার আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম (৪২)। এসময় জাহাঙ্গীর ও সোহেল নামে র্যাবের দুই সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা, চারটি এলজি ও ২১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার মীর্জা শাহেদ মাহতাব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুমিল্লা প্রতিনিধি জানান, জেলার সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তবর্তী মথুরাপুর এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ আবুল হাশেম (৫২) নামে এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন। এসময় প্রায় সাড়ে ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত হাশেম একই উপজেলার বিরাহিমপুর গ্রামের মৃত মিন্নত আলীর ছেলে। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন।
