রংপুরে ইয়াবাসহ নানি-নাতনি আটক

আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ২২:৩২

রংপুরে ৮ লাখ টাকার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক হয়।

তারা- হলেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার খালিশা কোটাল নাওভাঙ্গার ইজাহার আলীর স্ত্রী পয়মান খাতুন (৫৫) ও একই উপজেলার চওড়াবাড়ি বালারহাটের দেলোয়ার হোসেনের মেয়ে দিলিফা খাতুন (১২)। তারা দুজন সম্পর্কে নানি-নাতনি।

সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. আলতাফ হোসেন জানান, শুক্রবার দুপুরে ইয়াবার বড় একটি চালান পূর্ব পরিচিত পার্টিকে দিতে কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে রংপুরে আসছে পয়মান খাতুন ও তার সহযোগী। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নগরীর পার্কের মোড় এলাকায় অবস্থান নেয়। এসময় তাদের গতিবিধি সন্দেহভাজন হওয়ায় আটক করে ২০০০ পিস ইয়াবা উদ্ধার হয়। যার অনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনের সম্পর্ক নানি-নাতনি বলে জানা গেছে। পয়মান খাতুন দীর্ঘ দিন ধরে ইয়াবার ব্যবসার সাথে জড়িত। এসআই রাজেশ কুমার চক্রবর্তী বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

ইত্তেফাক/আরকেজি