হলমার্কের জেসমিনের জামিন বাতিল আত্মসমর্পণের নির্দেশ

আপডেট : ১৭ জুন ২০১৯, ০০:১১

৮৬ কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী চার সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। এর আগে হাইকোর্ট জেসমিন ইসলামকে এই মামলায় জামিন মঞ্জুর করে। ওই জামিন বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক। আবেদনের পক্ষে দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান ও আসামি পক্ষে আব্দুল মতিন খসরু শুনানি করেন।

প্রসঙ্গত ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্ট গত ১০ মার্চ  জেসমিনকে জামিন দেয়।