সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি’র ছয়টি বাস চালুর বিরোধিতা করে সিলেট বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আগামী ২৪ জুন সিলেট বিভাগের চার জেলায় পরিবহন ধর্মঘট ডেকেছে। এ ধর্মঘট আহ্বান নিয়ে সুনামগঞ্জ ও সিলেটের সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা এই ধর্মঘট আহ্বানকে অযৌক্তিক মনে করছেন। বিভিন্ন সংগঠনের ব্যানারে ধর্মঘট প্রতিহতের কর্মসূচি দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ বলছেন, সিলেট-সুনামগঞ্জ সড়কে চলচলরত লক্কড়-ঝক্কড় মার্কা বাসের জিম্মিদশা থেকে আমরা মুক্তি চাই। ধর্মঘট আহ্বানের প্রতিবাদে গতকাল রবিবার বিকালে এক গণঅনাস্থা প্রাচীর অনুষ্ঠিত হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।
ঈদুল ফিতরের আগে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসির বাস চলচলের উদ্ভোধন করেন। এসময় পরিবহন মালিক-শ্রমিকরা অর্ধদিন ধর্মঘট পালন করে। পরে ২৪ জুন অনির্দিষ্টকালের ধর্মঘটের আল্টিমেটাম দেয়। এ সময় মন্ত্রী এ ধর্মঘট আহ্বানকে মানুষের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেন।
গত শনিবার সিলেট সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় কার্যালয় রায়নগরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামের উপস্থিতিতেই দুই পক্ষে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীরসহ অনেকের সঙ্গেই পরিবহন মালিক-শ্রমিক নেতাদের হাতাহাতি শুরু হলে সচিব নজরুল ইসলামের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেন, কেউ কেউ ৩০ বছরের পুরাতন গাড়ি রং করে চালাচ্ছেন। যারা ভালো গাড়ি চালাবেন, মানুষ সেখানেই যাবে। অবিলম্বে ফিটনেস বিহীন গাড়ীর বিরুদ্ধে অভিযান হবে।
বাস-মিনিবাস মালিক গ্রুপের বক্তব্য: সুনামগঞ্জ বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সমপাদক জুয়েল মিয়া বলেন, তাদের সঙ্গে চুক্তি রয়েছে বিআরটিসি বাস চলবে ডিপো টু ডিপো। স্থানীয় পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে সময় নির্ধারণ হবে। কিন্তু বিআরটিসি চলাচলের ক্ষেত্রে পরিবহন মালিকরা কিছুই জানেন না। এই সড়কে ৪৮৩টি বাস রয়েছে। এখানে বিআরটিসিকে অজুহাত করে একটি পক্ষ ব্যবসা করতে চাচ্ছে।
সিলেটে গণঅনাস্থা প্রাচীর: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্মঘট আহ্বানের প্রতিবাদে গণঅনাস্থা প্রাচীর অনুষ্ঠিত হয়েছে। সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা এম. রশীদ আহমদ এবং সঞ্জয় চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জি, জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ প্রমুখ।
