রংপুর সিটি নির্বাচন

রাত পোহালেই ভোট: বিজয়ের আশায় প্রার্থীরা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ২২:৩৬

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রংপুর সিটি করপোরেশন নির্বাচন। রসিকের ৩৩টি ওর্য়াডের ২২৯ কেন্দ্রে ২৭০ প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত হবে অস্তিত্বের ব্যলট লড়াই। নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনী প্রচারণা শেষে প্রার্থীরা সকলে বিজয়ের আশায় বুক বেধে প্রহর গুনছেন। সবাই এখন সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ ও ফলাফলের অপেক্ষায়। 

রাত পোহালেই কাঙ্খিত শুভক্ষণ। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ৩৩টি ওর্য়াডে এবারে মোট প্রার্থী রয়েছেন ২৭০ জন। এর মধ্যে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৯২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। 

এক বেসরকারী সংস্থা জরিপ চালিয়ে বলেছে, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া এবং আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকের লতিফুর রহমান মিলন প্রচারণায় অনেকটা সরব ছিলেন।

রংপুরের নির্বাচন বিশ্লেষক ও ভোটারদের দাবি তিন প্রার্থীর মধ্যেই লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে জাপার প্রার্থী সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা আশা ব্যক্ত করেছেন, একতরফা নির্বাচনে গত বারের মতো আবারও বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত হতে যাচ্ছেন। 

আর সাবেক সংসদ সদস্য ও সরকারদলীয় প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়ার দাবি বারবার উন্নয়ন বঞ্চিত রংপুর নগরের জনগণ নিজেদের ভাগ্যের উন্নয়নে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছেন। এবার রংপুর সিটিতে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত। 

অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন বলছেন, মানুষ লুটপাটকারীদের ত্যাগ করেছেন। তারা বিকল্প কাউকে দেখতে চান। তাইতো আমার সঙ্গে আছে রংপুরবাসী। ২৭ তারিখ বিপুল ভোটে আমি জয়ী হবো।

মেয়র পদে সাবেক মেয়র জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল), আওয়ামী লীগের এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (ইনু) প্রার্থী শফিয়ার রহমান (মশাল), খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু (দেয়াল ঘড়ি), জাকের পার্টির খোরশেদ আলম (গোলাপ ফুল), বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান (ডাব), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বহিস্কৃত নেতা ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন (হাতি) ও মেহেদী হাসান বনি (হরিণ) প্রতীক নিয়ে রসিক নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। 

এছাড়া ৩৩টি ওর্য়াডে সাধারণ কাউন্সিলর পদে ১৯২ জন ও ১১ টি সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী রয়েছেন। ২০৫ বর্গকিলোমিটার আয়তনের রংপুর নগরীতে সর্বত্র এখন নির্বাচনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এবার সিটি করপোরেশনে মোট ৪ লাখ ৩১ হাজার ৪৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ২ লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। 

ইত্তেফাক/পিও