ইভিএমকে বিতর্কিত করার চেষ্টা করছেন জাপার মেয়রপ্রার্থী: রিটার্নিং কর্মকর্তা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৩:২৬

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ইভিএমকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ইভিএমে ক্রটির কারণে প্রথম দফায় ভোট দিতে পারেননি জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা, তার এমন অভিযোগ জানার পর প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। সেখানে ইভিএমের কোনো ক্রটি ছিলো না। একজন ভোটার ভোট দিচ্ছিলেন। তাকে একটু অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা না করে ইভিএম ও নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন।

আবদুল বাতেন বলেন, দুই-একটি কেন্দ্রে ইভিএমে সমস্যা হলেও তাৎক্ষণিক সেটা ঠিক করা হয়েছে।

আঙুলের ছাপ না মেলার প্রসঙ্গে তিনি বলেন, সকালে ঘন কুয়াশা ও শীতের কারণে অনেকের হাতের আঙুল শক্ত হয়েছিল। এ কারণে কিছুটা সমস্যা হতে পারে। তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে।

এদিকে, ইভিএম ব্যবহার নিয়ে জটিলতায় ধীরগতিতে চলছে ভোটগ্রহণ। বিষয়টি নিয়ে কিছু ভোটারকে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে। মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর সিটি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি সন্তোষ জনক হলেও ইভিএমে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন অনেক ভোটার।

রংপুর সিটি কলেজ কেন্দ্রের ভোটার আব্দুস সালাম বলেন, বয়স্ক কিছু ব্যক্তি ইভিএম সম্পর্কে কিছুই বুঝতে পারছেন না। বুঝিয়ে দিলেও তারা বুঝতে পারছেন না। এতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে  ভোটারদের।

দীপিকা নামের নারী ভোটার বলেন, আগেও তিনি ইভিএমে ভোট দিয়েছেন। তার অভিজ্ঞতা আছে। এতে কোনো সমস্যা হবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, তার কেন্দ্রে ২ হাজার ৫৬ জন ভোটারের মধ্যে বেলা ১১টা পর্যন্ত ৯ শতাংশ ভোট পড়েছে।

ইত্তেফাক/এসকে