মেট্রোরেল উদ্বোধনের পর সুধী সমাবেশে প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১১:৪৯

স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সুধী সমাবেশের মঞ্চে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন তিনি।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন। এরপরেই মঞ্চের সামনে থাকা নেতা-কর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।

নেতা-কর্মীদের জয়-বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয় সুধী সমাবেশ। মঞ্চে আরও উপস্থিত আছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ডিএমটিসিএলর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদে, জাপান রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি প্রমুখ।

জানা গেছে, লাল ফিতা কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরীর সবচেয়ে আধুনিক পরিবহন ব্যবস্থার প্রথম যাত্রী হবেন। উদ্বোধনের পর রুটের মধ্যবর্তী স্টেশনে কোনো স্টপেজ ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলবে। পরের দিন (বৃহস্পতিবার) থেকে যাত্রীরা ট্রেনে যাতায়াত করতে পারবেন।

ইত্তেফাক/এসকে