দেশের প্রথম বিদ্যুৎচালিত মেট্রোরেল বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)। সকাল ৮টায় রেল চালুর কথা থাকলেও টিকিট বিক্রয় মেশিন (ভেন্ডিং মেশিন) সাময়িক বিকল হয়ে প্রথম ট্রেন আগারগাঁও ছাড়ে সাড়ে ৮টার দিকে।
মেট্রোরেলে চড়ার জন্য খুব সকালে লাইনে দাঁড়ায় লোকজন। প্রথম দিনে ভ্রমণ করে উচ্ছ্বস প্রকাশ করেছেন নানা শ্রেণী-পেশার মানুষ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপ বাড়তে থাকে।
বেলা ১১টার পরে যাত্রীদের দীর্ঘ লাইন আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে গিয়ে ঠেকে। বহু লোকজন লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু প্রথম দিনে তাদের আর মেট্রোরেলে চড়ার সুযোগ হলো না। শেষে হতাশা নিয়ে ফিরে গেছেন।
সাড়ে ১১টার পর থেকে দীর্ঘ লাইনে হইচই শুরু হয়ে যায়। এরই মধ্যে একদল লাইন ভেঙে একদম গেটের কাছে চলে যান। মেট্রোরেলের নিরাপত্তাকর্মীরা বাধ্য হয়ে গেট বন্ধ করে দেন। এরপর আর গেট খুলতে দেখা যায়নি। কাউকে প্রবেশও করতে দেওয়া হয়নি।
মেট্রোরেলে ওঠার আশায় দাঁড়িয়ে থাকা কয়েকজন জানান, ভিড় থাকবে ভেবে সকাল ৮টায় অনেকেই এসে লাইনে দাঁড়িয়েছেন। অনেক ধীরে ধীরে লাইন সামনে এগিয়েছে। এখন আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। সময় শেষ বলে জানানো হয়েছে তাদের। এতে তারা হতাশা প্রকাশ করেন।
দুই ছেলে-মেয়েকে নিয়ে মেট্রোরেল দেখতে আসা একজন বলেন, ছেলে-মেয়ে মেট্রোরেলে ঘুরবে বলে তাদের নিয়ে এসেছিলাম। লাইনে দাঁড়িয়েই দেড় ঘণ্টা কেটে গেছে। এর মধ্যে গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।
মনির হোসেন নামের একজন গণমাধ্যমকে বলেন, দুই ঘণ্টার মতো লাইনে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু ভেতরে ঢোকার আগেই গেট আটকে দিয়েছে। সময় করে শুধু মেট্রোরেলে ভ্রমণ করতেই এসেছিলাম, কিন্তু আজ আর উঠতে পারলাম না।
মেট্রোরেলের আগারগাঁও স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা শেরেবাংলা নগর থানার সাব-ইন্সপেক্টর মহেশ চন্দ্র সিংহ গণমাধ্যমকে বলেন, আজকের মতো মেট্রোরেল বন্ধ হয়ে গিয়েছে। সবাইকে আগামীকাল আসতে হবে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল।
