বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: পলক

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৪:১৯

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলের অংশগ্রহণে বৈষম্যমুক্ত ‘সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। অতীতে পরিবার ও সমাজে প্রতিবন্ধীদের বোঝা মনে করা হতো। এই অবস্থা থেকে উত্তরণে মানুষের মানসিকতার পরিবর্তনে মায়ের মমতা নিয়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নাটোরের সিংড়ায় নিজ বাসভবনে একশত প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ শেষে প্রতিমন্ত্রী পলক এ সব কথা বলেন।

তিনি বলেন,  তিনি প্রতিবন্ধী সুরক্ষা আইন, ২০১৩ প্রণয়ন করেছেন। প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের সুরক্ষা দিয়েছেন। আইন প্রণয়ন, প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা বৃত্তিসহ তাদের চলাচলে র‌্যামের ব্যবস্থা বাস্তায়ন করেছেন। আজ প্রতিবন্ধীরা সুরক্ষিত।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করতে ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক সজীব ওয়াজেদ জয় পদক্ষেপ নেন। তিনি সারাদেশে আড়াই হাজার প্রতিবন্ধী ব্যক্তিকে ডিজিটাল প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। এই প্রশিক্ষণের পরিধি আরো বাড়বে। প্রতিবন্ধীদের মাঝে ৬৪০টি ল্যাপটপ দেওয়া হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ব্রেইল প্রযুক্তি নির্ভর ল্যাপটপ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর তনয়া সায়মা ওয়াজেদ পুতুল অটিস্টিকসহ প্রতিবন্ধীদের সুরক্ষায় দেশে-বিদেশে কাজ করে যাচ্ছেন।

সকলের সম্মিলিত অংশগ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সমৃদ্ধ স্মার্ট দেশে পরিণত হবে বাংলাদেশ বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী পলক।

হুইলচেয়ার বিতরণের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরএজে