সিরিয়ায় সন্ত্রসী হামলা, নিহত ১০ শ্রমিক

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ২১:৩০

সিরিয়ার পূর্বাঞ্চলে একটি সন্ত্রাসী হামলায় অন্তত তেল শোধনাগারের ১০ জন শ্রমিক নিহত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, কুর্দি নেতৃত্বাধীন বাহিনী আইএসআইএল (আইএসআইএস)-এর বিরুদ্ধে আক্রমণ ঘোষণার একদিন পর শুক্রবার এই হামলা হল।

সানার খবরে বলা হয়েছে, দেইর আজ জোর প্রদেশের আল-তাইম তেলক্ষেত্র থেকে শ্রমিক পরিবহনকারী তিনটি বাসকে লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ১০ জন নিহত ও আরও দু’জন আহত হয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর পরিচালক রামি আবদেল রহমান বার্তা সংস্থা এএফপি’কে বলেন, হামলাটি বিস্ফোরক ডিভাইস দিয়ে শুরু হয়েছিল। বাসগুলো পাশ কাটিয়ে যাওয়ার সময় ডিভাইসগুলো বিস্ফোরিত হয়। এরপর জঙ্গিরা তাদের (শ্রমিক) লক্ষ্য করে গুলি চালায়।

তবে হামলা কীভাবে চালানো হয়েছে বা এর জন্য কারা দায়ী সে বিষয়ে কিছু জানায়নি সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি। কিন্তু যুক্তরাজ্য-ভিত্তিক এক পর্যবেক্ষক সংস্থা দাবি করেছে, তেলক্ষেত্রটির কাছে আইএস জঙ্গিরাই হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) বলেছিল, তারা আইএসআইএল যোদ্ধাদের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে। যাকে ‘অপারেশন আল-জাজিরা থান্ডারবোল্ট’ নামে অভিহিত করা হয়েছে। এর লক্ষ্য সাম্প্রতিক সন্ত্রাসী হামলার উৎস এলাকা থেকে আইএসআইএল যোদ্ধাদের নির্মূল করা।

এর আগে গত সোমবার, আইএসআইএল যোদ্ধারা সিরিয়ার সাবেক ডি ফ্যাক্টো রাজধানী রাক্কায় কমপ্লেক্সে হামলা চালালে ছয় কুর্দি যোদ্ধা নিহত হয়।

ইত্তেফাক/এএইচপি