খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে নিরাপত্তাজনিত কারণে রাজধানীর হাতিরঝিল এলাকার সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার (৩১ ডিসেম্বর) রাত ৯টার দিকে হাতিঝিলের সবগুলো প্রবেশমুখ বন্ধ করে দেওয়া হয়।
সড়ক পথে বাস ও প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহন এবং সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে হাতিরঝিলের দ্বি-চক্রাকার বাস ও ওয়াটার বাস বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণে হাতিরঝিলের আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ওয়াটার বাসের ইনচার্জ জয়নাল আবেদিন বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে আমাদের নোটিশ দেওয়া হয়েছে। এরপর আজ রাত ৯টা থেকে ওয়াটার বাস বন্ধ করা হয়।’
ভোগান্তিতে পড়া আব্দুস সবুর নামে এক ব্যক্তি বলেন, ‘সবগুলো প্রবেশমুখ বন্ধ করে দেওয়ায় বাসায় পৌঁছাতে পারছি না। এখন অন্যদিক দিয়ে যেতে হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক এসআই ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে নিরাপত্তাজনিত কারণে রাত ৯টার দিকে সব প্রবেশমুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আতশবাজি ফোটানো ও জনসমাগম করা যাবে না বলে ডিএমপির নিদের্শনা রয়েছে।’
