করোনা মহামারির কারণে তিন বছর স্থগিত থাকার পর ফের বসতে যাচ্ছে বিশ্ব-সাহিত্য-সংস্কৃতি নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ‘ঢাকা লিট ফেস্ট’। আগামী ৫ জানুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে দেশি-বিদেশি সাহিত্যের সবচেয়ে বড় এই আসরের উদ্বোধন হবে। এজন্য শুরু হয়েছে রেজিস্ট্রেশন। এবারের আসরে আসছেন নোবেল জয়ী সাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ ও অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের সহ-উদ্ভাবক সারাহ গিলবার্ট।
প্রথমবারের মতো ঢাকা লিট ফেস্ট উপভোগের জন্য টিকিট সংগ্রহ করতে হবে। অনলাইন পেমেন্টের মাধ্যমে টিকিট কেনার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি কয়েকটি নির্দিষ্ট জায়গায় পাওয়া যাবে এগুলো।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবার শুধু ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রবেশে কোনও টিকিট লাগবে না। দর্শনার্থীর বয়স ১২ বছরের বেশি হলে টিকিট বাধ্যতামূলক থাকছে।
যেসব স্থানে টিকিট পাওয়া যাবে–ঢাকা লিট ফেস্ট অফিস (নিকেতন, ঢাকা), মীনা সুইটস (বনানী এক্সপেরিয়েন্স জোন এবং পান্থপথ শাখা), মীনা বাজার (ধানমন্ডি ২৭, উত্তরা আউটলেট, ইসিবি চত্বর আউটলেট, শান্তিনগর আউটলেট, বনশ্রী এবং মগবাজার আউটলেট), বাংলার মিষ্টি (বনানী ও গুলশান আউটলেট), আড়ং (মিরপুর, গুলশান ও উত্তরা আউটলেট) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
www.dhakalitfest.com লিংকে ঢুকে রেজিস্ট্রেশন করা যাবে। এজন্য উল্লেখ করতে হবে দর্শনার্থীর নাম, বয়স, লিঙ্গ, পেশা, মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর টিকিট ক্যাটাগরি নির্বাচন করতে হবে।
ঢাকা লিট ফেস্টের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে দৈনিক জনপ্রতি ৫০০ টাকা। তবে একসঙ্গে চার দিনের টিকিট নিতে চাইলে ছাড় মিলবে ৫০০ টাকা, সেক্ষেত্রে একেক জন দর্শনার্থী ১৫০০ টাকায় চারদিনের টিকিট পেয়ে যাবেন।
এদিকে শিক্ষার্থীদের জন্য রয়েছে সুখবর। তারা প্রতিজন ২০০ টাকায় টিকিট কিনতে পারবেন। শিক্ষার্থীদের বেলায় একসঙ্গে চার দিনের টিকিট কিনলে লাগবে ৫০০ টাকা, অর্থাৎ তাদের জন্য থাকছে ৩০০ টাকা ছাড়।
এছাড়া আয়োজনের পৃষ্ঠপোষক (স্পন্সরশিপ) হিসেবে যুক্ত হওয়ার সুযোগ থাকছে। কেউ ৩ হাজার টাকা মূল্যের টিকিট কিনলে ঢাকা লিট ফেস্টের পৃষ্ঠপোষক হিসেবে বিবেচিত হবেন। এক্ষেত্রে একসঙ্গে চার দিনের টিকিট পাওয়া যাবে ১০ হাজার টাকায়। পৃষ্ঠপোষক ক্যাটাগরির আওতায় পাওয়া যাবে ফ্রি পার্কিং সুবিধা, বিশেষ আইডি কার্ডসহ ঢাকা লিট ফেস্টের বিশেষ লাউঞ্জে প্রবেশের সুযোগ, যেখানে থাকছে লাঞ্চের ব্যবস্থা। কিন্তু লিট ফেস্টের সেশনগুলোতে তারা বিশেষ কোনও সুবিধা পাবেন না। সেখানে সব দর্শনার্থীর সমান অধিকার থাকবে।
গত ২৯ ডিসেম্বর রেজিস্ট্রেশন ও টিকিট প্রাপ্তি নিয়ে ঢাকা লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ বলেন, ‘লিট ফেস্টে করপোরেট বা সরকারি স্পন্সরশিপের ওপর নির্ভরতা কমিয়ে আরও টেকসই করতে আমরা দর্শক-শ্রোতা ও পাঠকদের সহায়তা চাই। আমাদের আশা, সাহিত্যপ্রেমীরা এই সহনীয় মূল্যের টিকিট দিয়ে শরিক হিসেবে লিট ফেস্টে শামিল হবেন। বিদেশে অনেক ফেস্টিভ্যালে রেজিস্ট্রেশনের পরও প্রতিটি সেশনের জন্য আলাদা ফি দিতে হয়। সেখানে আমরা এক টিকিটেই সকল সেশন উপভোগের সুযোগ রাখছি। আমরা মনে করি, সাধারণ ও শিক্ষার্থীদের টিকিটের মূল্য অনেক সহনীয় রাখা হয়েছে। আর বিশেষ টিকিটের মাধ্যমে সাহিত্যপ্রেমীদের একধরনের স্পন্সরশিপের সুযোগ দেওয়া হচ্ছে।’
এবারের আসরের অন্যতম আকর্ষণ ২০২১ সালে নোবেল জয়ী সাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ। এছাড়া আসছেন ২০২২ সালের বুকারজয়ী দুই কথাশিল্পী গীতাঞ্জলী শ্রী (আন্তর্জাতিক ক্যাটাগরি) ও শেহান কারুনাতিলাকা। আরও থাকছেন পুলিৎজার, নিউস্ট্যাড ইন্টারন্যাশনাল, পেন বা পিন্টার, প্রিক্স মেডিসিস, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, উইন্ডহাম ক্যাম্পবেল পুরস্কার, অ্যালার্ট মেডেল, ওয়াটারস্টোন চিল্ড্রেনস বুক প্রাইজ, আগা খান অ্যাওয়ার্ডসহ অন্যান্য খ্যাতিসম্পন্ন পুরস্কারজয়ীরা।
