ফুলবাড়ীয়ায় বিএনপির নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, সমাবেশ পণ্ড

আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ২২:৪৫

ফুলবাড়ীয়া উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশ পুলিশ পণ্ড করে দিয়েছে। শুক্রবার বিকাল ৪টায় এ সমাবেশের আয়োজন করে স্থানীয় ইউনিয়ন বিএনপি।

সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান সরকারি গাড়ি নিয়ে উপস্থিত ছিলেন। সেখানে কর্মীদের খাবারের জন্য খিচুরী রান্না চলছিল বলে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন।

উপজেলার নাওগাঁও ইউনিয়নের বালুঘাট বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় ইউনিয়নের নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্র কমিটি গঠন করার জন্য সমাবেশের আয়োজন করে। সমাবেশে ইউনিয়ন বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে সরকারি গাড়ি ও খিচুরী রান্নার করার বিষয়টি প্রশাসন জানার পর পুলিশ সমাবেশ পণ্ড করে দেয়। 

এসআই সাইদুর রহমান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশের আয়োজন করায় সমাবেশ পণ্ড করে দেয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য তাদের বলা হয়েছে।

বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কেন্দ্র কমিটি গঠনকল্পে নেতাকর্মীদের জমায়েত ও খিচুরী রান্না করার বিষয়টি স্বীকার করে বলেন, পুলিশ এসে নিষেধ করার পর আমরা সমাবেশ স্থগিত করেছি।

ইত্তেফাক/আরকেজি