সড়কে প্রাণ গেলো তরুণের, মাইক্রোবাসে জনতার আগুন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৭:৪২

রাজশাহীতে মাইক্রোবাসের সঙ্গে মোটরবাইকের সংঘর্ষে বাচ্চু মিয়া নামের এক তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের সামনে-রাজশাহী ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষিপ্ত জনতা মাইবাসক্রোটি আগুনে পুড়িয়ে দেয়।

নিহত বাচ্চু মিয়া পুঠিয়া উপজেলার বিড়ালদহ এলাকার বাসিন্দা। উপজেলার বিড়ালদহ মাজারের সামনে রাজশাহীগামী একটি মাইক্রোর সঙ্গে তার মোটরবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাইক আরোহী বাচ্চু নিহত হয়।

স্থানীয়রা জানান, মাইক্রোতে থাকা সাত থেকে আটজন যাত্রী ঘটনার পরে মাইক্রো থেকে নেমে যান। এ সময় ক্ষিপ্ত জনতা আগুন দিয়ে মাইক্রোটি পুড়িয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভায়। ঘটনার পরে থেকে প্রায় আধা ঘণ্টা রাজশাহী-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট ছিল।

ইত্তেফাক/এসকে