প্রায় দুই যুগ ধরে সংবাদপত্রের পৃষ্ঠাসজ্জা বিভাগে কাজ করেন মোহাম্মদ বখতিয়ার হোসেন (৫৫)। তার হৃদ্যন্ত্রে দুটি ব্লক রয়েছে। দ্রুত স্ট্যান্ট বা রিং পরাতে বলেছেন চিকিৎসকেরা। এর জন্য তিন লাখ টাকার প্রয়োজন। তার এমন দুর্যোগে পাশে দাঁড়িয়েছে দেশের স্বনামধন্য নির্মাণশিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ। বুধবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সময়ের আলোর প্রধান সম্পাদক মো. রমজানুল হক নিহাদ চিকিৎসার পুরো ব্যয়ভার বহনের কথা জানান। তার এমন ঘোষণায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বখতিয়ার হোসেন।
২০১৯ সাল থেকে দৈনিক ‘সময়ের আলো’ পত্রিকায় গ্রাফিকস ডিজাইন বিভাগে কাজ করছেন বখতিয়ার। তার বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলায়। স্ত্রী ও তিন সন্তান নিয়ে ঢাকার মুগদার মান্ডা এলাকায় থাকেন তিনি।
বখতিয়ারের দীর্ঘদিনের সহকর্মী শাহ আলম বলেন, ‘২০১৯ সালে একদিন অফিসে অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করাই। কয়েক দিন পর সুস্থ হয়ে তিনি আবার কাজে যোগ দেন।’
বখতিয়ার হোসেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্ত্রী খাদিজা আক্তার বলেন, হাসপাতাল থেকে ফেরার পর বছরখানেক সুস্থ ছিলেন। এর পর থেকে তাঁর বুকে ব্যথা হচ্ছিল। গত ৯ নভেম্বর বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের ভর্তি করা হয় তাকে। পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদ্যন্ত্রে দুটি ব্লক ধরা পড়ে। একটির ৯৮ শতাংশ ও আরেকটির ৯৯ শতাংশ ব্লক রয়েছে। যত দ্রুত সম্ভব স্ট্যান্ট বা রিং পরাতে বলেন চিকিৎসকেরা।
