‘নেইমারকে ছাড়াও ব্রাজিল শক্তিশালী’

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:২১

স্পোর্টস ডেস্ক

কোপা আমেরিকা পুনরুদ্ধারের মিশনে স্বাগতিক ব্রাজিল আগামীকাল বুধবার সকালে ভেনেজুয়েলার মুখোমুখি হতে যাচ্ছে। তার আগে দলের অধিনায়ক দানি আলভেজ জানিয়েছেন নেইমারকে ছাড়া মোটেও দুর্বল নয় তার দল।

আলভেজের শহর সালভাদরে আগামীকাল সকাল সাড়ে ৬টায় ‘এ’ গ্রুপের ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল।

ডান পায়ের চোট বেশ কিছুদিন ধরেই ভোগাচ্ছে নেইমারকে। গেল জানুয়ারিতে ডান পায়ের মেটাটার্সাল হাড়ের চোট ক্লাব মৌসুমের একটা বড় সময় মাঠের বাইরে রেখেছিল পিএসজি তারকাকে। সে চোট কাটিয়ে মৌসুমের শেষদিকে মাঠে ফিরলেও কোপা আমেরিকা শুরুর আগে প্রীতি ম্যাচে কাতারের বিপক্ষে গোড়ালির চোট আবারও ছিটকে দেয় তাকে।

নেইমারবিহীন ব্রাজিল অবশ্য বলিভিয়ার বিপক্ষে শুরুটা দারুণভাবেই করেছিল। জোড়া গোল করে তারকা খেলোয়াড়টির শূন্যতা বুঝতেই দেননি মিডফিল্ডার ফেলিপে কোটিনহো। নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে অধিনায়ক আলভেজ ছিটকে যাওয়া তারকাটির প্রশংসা করলেও জানালেন তাকে ছাড়াও যথেষ্ট শক্তিশালী তার দল।

আলভেজ গত রবিবার এক সংবাদ সম্মেলনে  বলেন, ‘আমি বিশ্বাস করি যখনই আমরা জাতীয় দলে আসি, আমরা এই জার্সিটি পরি একে প্রমাণ করার একটা বিষয় আমাদের সামনে থাকে। সেটা নেইমার থাকুক কিংবা না থাকুক নিজেদের প্রমাণ করার একটা বিষয় থাকেই আমাদের সামনে। কেননা আমরা একটা ঐতিহাসিক দলের প্রতিনিধিত্ব করি এবং দলটা বিশ্বজুড়ে দারুণ সমাদৃতও।’

পিএসজি রাইটব্যাক আরো বলেন, ‘কিন্তু যখন আপনার কাছে নেইমারের মতো বাড়তি কিছু দেয়ার মতো খেলোয়াড় থাকে তখন আপনি কিছুটা বেশি শক্তিশালী হন। তবে এটা ছাড়া মোটেও আপনি দুর্বল নন। সে আপনার মান বৃদ্ধি করে, আপনার শক্তি বাড়ায় কিন্তু তাকে ছাড়া দলের মূল শক্তিটা কোনোভাবেই কমে যায় না।’

নিজেদের মাঠে কোপা আমেরিকা আয়োজন করে কখনোই শিরোপা ছাড়া প্রতিযোগিতাটি শেষ করেনি ব্রাজিল। এবার তাই ২০০৭ সালের পর প্রথম শিরোপায় চোখ সেলেসাওদের। আলভেজ জানালেন নেইমারকে ছাড়াও সে দায়িত্বের ভার কোনোক্রমেই হালকা হয়ে যাবে না।

তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব সেই একই রয়ে গেছে। আমরা একটা ইতিহাসের প্রতিনিধিত্ব করি এবং এই ইতিহাসকে দারুণ সম্মানের সঙ্গে রক্ষা করতে হবে আমাদের।’

গ্রুপ পর্বে ব্রাজিলের পরবর্তী ম্যাচ

প্রতিপক্ষ    সময়

ভেনেজুয়েলা ১৯ জুন, সকাল ৬-৩০টা

পেরু      ২৩ জুন, রাত ১-০০টা