৮ হাজারের বেশি বিয়ে করিয়ে রেকর্ড করলেন তাছির

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০৪:০৩

নিজে বিয়ে করেননি, তাতে কী? বিগত ২০ বছরে ৮ হাজার ৪৯ জনের বিয়ে দিয়ে রেকর্ড গড়েছেন রাজশাহীর তানোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাছির মণ্ডল। ইতিমধ্যে পেয়েছেন ‘ঘটক তাছির’ উপাধিও।

তিনি জানান, ২০০২ সালের প্রথম দিকে শখের বসে ঘটকের কাজ শুরু করেন। কিন্তু পরে বিভিন্ন এলাকার লোকজন তার কাছে ছেলেমেয়ের বিয়ের জন্য পাত্রপাত্রীর খোঁজে আসতে শুরু করেন। এভাবেই তার ঘটক হয়ে ওঠার শুরু। প্রথমে নিজ এলাকা তানোরের ছেলেমেয়ের বিয়ের ঘটকালি করতেন। সুনাম ছড়িয়ে পড়ায় বর্তমানে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিয়ের ঘটকের কাজ করছেন। এই ২০ বছরে তিনি মধ্যস্থতা করে ৮ হাজার ৪৯ জনের বিয়ে দিয়েছেন। তবে প্রায় ৩৫০ বিয়ে টেকেনি। বাকি দম্পতিরা ভালো আছেন, সুখে সংসার করছেন। তাদের অনেকের সঙ্গেই ঘটক তাছির মণ্ডলের নিয়মিত যোগাযোগ রয়েছে।

তাছির জানান, ২০১৫ সালে এলাকার ভোটাররা তাকে জোর করে তানোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে দাঁড় করিয়ে দেন এবং বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত করেন। এরপর ২০২১ সালেও ভোটাররা আবারও তাকে ভোটে দাঁড় করিয়ে পুনরায় কাউন্সিলর নির্বাচিত করেন। ঘটকালি করে তিনি সর্বনিম্ন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৬০ হাজার টাকা পেয়েছেন বলে জানান তিনি। নিজে বিয়ে করছেন না কেন? এমন প্রশ্নের জবাবে তাছির বলেন, ‘মানুষের ছেলেমেয়ের বিয়ে দিলেও নিজের পাকা বাড়ি না থাকায় এখনো বিয়ে করিনি। নিজে পাকা বাড়ি করার পর বিয়ে করব।’

এলাকাবাসী জানান, ঘটক তাছির মণ্ডল একজন সহজ-সরল প্রকৃতির, সাদা মনের মানুষ। এলাকার প্রায় প্রতিটি পরিবারের সঙ্গে তার মধুর সম্পর্ক। সে সবার সঙ্গেই হাসিমুখে কথা বলেন, মানুষের বিপদ-আপদে ছুটে আসেন।

তানোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাছির মণ্ডল বলেন, বছরে গড়ে প্রায় ৪০০ বিয়েতে মধ্যস্থতা (ঘটকালি) করেছেন তিনি। এমনও দিন পড়েছে, যেদিন তার ঘটকালিতে পাঁচ-ছয়টি পর্যন্ত বিয়ে সম্পন্ন হয়েছে।

তানোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বর্তমান মেয়র ইমরুল হক বলেন, ঘটক তাছির মণ্ডল পরে কাউন্সিল নির্বাচিত হলেও এলাকার মানুষের কাছে ঘটক হিসেবেই জনপ্রিয় ও বেশি পরিচিত।

ইত্তেফাক/এমএএম