প্রিমিয়ার ফুটবল লিগ
স্পোর্টস রিপোর্টার
ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাব ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে পুরো পয়ন্ট তুলে নিয়েছে। প্রিমিয়ার ফুটবলের এই ম্যাচটি সাইফ এবং ব্রাদার্সের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সাইফ যেমন পয়েন্ট টেবিলের উপরে উঠার জন্য এবং ব্রাদার্স রেলিগেশন হতে বাঁচার লড়াইয়ে। হারের গ্লানি নিয়ে ঢাকায় ফিরতে হচ্ছে। ব্রাদার্স হাবুডুবু খাচ্ছে। ভাগ্য ভালো ব্রাদার্সের নিচে বিজেএমসি রয়েছে। ব্রাদার্স কর্মকর্তারা ভাবছেন বিজেএমসি নিচে থাকলেই বা কি এবার তো রেলিগেশন হবে দুটি দল।
রেলিগেশন শঙ্কায় থাকা মোহামেডান ক্ষাণিকটা উপরে চলে গেছে। তার নিচে নোফেল স্পোর্টিং ক্লাব থাকলেও ব্রাদার্স টপকে যাওয়ার পথ তৈরি করতে পারছে না। গতকাল সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে প্রথমার্ধটা কোনোভাবে কাটিয়ে দিলেও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে ব্রাদার্স। ৫০ মিনিটে উজবেক ফুটবলার ওতাবেক জকিরভ (১-০) এবং শেষ মুহূর্তে ইনজুরি টাইমে ব্রাজিলিয়ান ফুটবলার আলেসান্দ্রো পাডোভানি সেলিন ম্যাচের দ্বিতীয় গোল করে পেরেক ঠুকেন ২-০। ১৬ খেলায় সাইফের ৩৩ এবং ১৫ খেলায় ব্রাদার্সের ৯ পয়েন্ট। সাইফের কাছে হেরে বিপদেই আছে ব্রাদার্স।
ব্রাদার্সের দুর্দিনে নোফেল স্পোর্টিং ক্লাব মুক্তিযোদ্ধার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ১ পয়েন্ট পেয়েছে। ব্রাদার্সের উপরে ঠাঁই নিয়েছে। গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে কাল ৩০ মিনিটে আশরাফুলের গোলে এগিয়ে থাকলেও ৬৪ মিনিটে গিনির কামার গোলে (১-১) হার ঠেকায় মুক্তিযোদ্ধা। এখন লিগের খেলা নেই।
২৭ জুন ময়মনসিংহে শেখ জামাল ও আরামবাগ। ঢাকায় ব্রাদার্স ও চট্টগ্রাম আবাহনী।
