কক্সবাজারে পর্যটকবাহী জিপ উল্টে এক নারী পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় এ দুর্ঘটনায় চালকসহ আরও ১০ জন আহত হয়েছেন।
নিহত মমতাজ বেগম (৬০) পুরান ঢাকার ওয়ারী এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী। হতাহতরা সবাই পরস্পর আত্মীয়।
রামু থানার ওসি আনোয়ারুল হোসাইর জানান, উখিয়ার পর্যটন স্পট ইনানী থেকে জিপে ১২ জন পর্যটক রাতে কক্সবাজার শহরে ফিরছিলেন। গাড়িটি মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালকসহ ১১ জন আহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।
হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্যের বরাতে ওসি আরো বলেন, আহতদের হাসপাতাল নেওয়ার আগে পথেই ওই নারী মারা যান। বাকি আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
