ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিত্সায় রোগী মৃত্যুর অভিযোগ

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:৪০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিত্সায় মো. মহিউদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা। রবিবার রাতে সদর উপজেলার ঘাটুরাস্থ বেসরকারি ওই মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তেলিনগর গ্রামের কুফুল উদ্দিনের ছেলে। নিহতের স্বজনরা জানান, গত ১০ জুন পিত্তথলিতে পাথরজনিত সমস্যা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মহিউদ্দিন। তিনদিন চিকিত্সা নিয়ে বাড়িতে চলে যাওয়ার পর পুনরায় ব্যথা অনুভব হলে গত শনিবার তাকে ঐ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সন্ধ্যায় মহিউদ্দিনকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হয়।

নিহতের বড় ভাই জামাল উদ্দিন অভিযোগ করে বলেন, অস্ত্রোপচারের পর আমার ভাইকে তিনটি ঘুমের ইনজেকশন দেওয়া হয়। পরে ব্যথা শুরু হলে কিছুক্ষণ পর সে মারা যায়। আমার ভাইকে তারা ভুল চিকিত্সা দিয়ে মেরে ফেলেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

তবে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ ‘ভুল চিকিত্সার’ অভিযোগ অস্বীকার করে বলেন, অস্ত্রোপচারের পর রোগীকে তার বেডে নিয়ে যাওয়া হয়। হঠাত্ করে তিনি ব্রেনস্ট্রোক করে মারা যান। আমরা তাকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করেছি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, রোগীর স্বজনদের সাথে আমাদের কথা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবো।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ সেলিম উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।