আয়নায় সাজান ঘর 

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৪:২০

মন খারাপ হলে বাড়ির বাইরে যেতে ইচ্ছে করে না সময় কাটানো ঘরের পছন্দের জায়গা গুলোতে। শুধু মন খারাপ হলেই না একটু শরীর খারাপেও একি কাজ করা। তাই ঘরটাকে নিজের মতো করে সাজিয়ে রাখতেই ভালো লাগে। ঘর সাজানোর জন্য  নানা জিনিস ব্যবহার করা যায়। তার মধ্যে একটি হলো আয়না। যেকোনো নান্দনিক আয়না বদলে দিতে পারে অন্দরসজ্জার পুরো চেহারা। ছোট্ট ঘরকে বড় দেখাতে এর জুড়ি নেই। আয়না যেমন বাড়ির একটি কর্নারকে গুরুত্বপূর্ণ করে তুলতে পারে, তেমনি শোপিস হিসেবেও আয়না হতে পারে অসাধারণ। 

ঘরের অভ্যন্তরীণ সাজসজ্জায় আয়না এখন শুধু সাজঘরের জন্যই নয়, প্রয়োজনীয় হয়ে উঠেছে আভিজাত্যের প্রতীক হিসেবে। যেকোনো ক্ষেত্রে আয়না ঘরের দুর্দান্ত কেন্দ্রবিন্দু তৈরি করে। খুব সাধারণ কোনো দেয়ালকে অসাধারণ করে তুলতে এর জুড়ি মেলা সত্যি অসম্ভব। 

বসার ঘর বড় দেখাতে চাইলে জানালার বিপরীত দিকে আয়না লাগাতে পারেন। এতে আলোর প্রতিফলনে ঘরটা আরও উজ্জ্বল ও বড় মনে হবে। আরও বিভিন্নভাবে বসার ঘরে আয়না ব্যবহার করা যায়। ঘরের দেয়ালে ছবির ফ্রেমের মাঝ বরাবর একটি আয়না সাজালে এক চমৎকার মেলবন্ধন হয় অতীত আর বর্তমানের।

মোগল, আরকান, পাল বংশের রাজা-বাদশাহদের রাজপ্রাসাদে অসাধারণ কারুশিল্পের পাশাপাশি ব্যবহার করা হতো আয়নার পেইন্টিংস। দারুণসব ফ্রেমে আঁকা ছবির পাশাপাশি ব্যবহার করা হতো ফ্রেমে বাঁধানো আয়না। এতে ঘরে যোগ হয় নতুন এক মাত্রা।

মাটির ফ্রেমে বন্দি আয়নার চাহিদা এখন অনেকটাই বেশি। অন্যান্য দামি আয়নার তুলনায় এগুলো স্বল্পমূল্যের হওয়ায় এইগুলো দিয়ে আপনি সাজাতে পারেন ড্রয়িংরুম, লিভিং রুম, বেডরুম থেকে শুরু করে শিশুদের থাকার ঘর পর্যন্ত।

বসার ঘরে রাখতে পারেন বিশাল বিশাল আয়না। এসব কারুকাজ সম্বলিত আয়নাগুলো আপনার ড্রয়িংয়রুমের শোভা বাড়িয়ে দেবে কয়েক গুণ। ঘরে প্রবেশ করার মুখেও রাখতে পারেন আয়না। দরজার বিপরীতে মাটির টেরাকোটার কিংবা রট আয়রনের আয়নার কদর এখন দেখার মতো।

চলুন তবে জেনে নেওয়া যাক অন্দর সজ্জায় আয়নার ব্যবহার।


পেইন্টিংয়ের বদলে আয়না

শুধু মাত্র পেইন্টিংয়ের মাধ্যমেই ঘরকে সজ্জিত না করে, আপনার বসার ঘরে সিটিং স্পেসের ওপরে পেইন্টিংয়ের বদলে পেইন্টেড গ্লাস ব্যবহার করতে পারেন। এতে ঘরে জমকালো একটা ভাব আসবে।

পার্টিশন হিসেবে আয়না

এখন বেশিরভাগই দেখা যায় ড্রয়িং-ডাইনিং একসাথে লাগোয়া থাকে। এ ক্ষেত্রে দুই ঘরের মধ্যে পর্দা বা পার্টিশন না করে পেইন্টেড আয়না হতে পারে একটি ভালো অপশন। আবার বাড়িতে ঢোকার মুখেও এ রকম একটি আয়না লাগানো যায়, এটি পার্টিশন হিসেবে কাজ করার পাশাপাশি ডেকোরেশনের কাজও করবে।

জানালার সাজে আয়না

অন্দর সাজে জানালার কাচেও আনতে পারেন ভিন্নতা। গতানুগতিক কাচ ব্যবহার না করে এতে সুন্দর ও নকশাকাটা কাচ ব্যবহার করতে পারেন। এতে সহজেই ঘরে চলে আসবে নতুন আমেজ।

ফ্রেম

ঘরে একটা এন্টিক ভাব আসার জন্য আয়না ব্যবহারের পাশাপাশি ফ্রেমও খুব গুরুত্বপূর্ণ। তাই এই ক্ষেত্রে আপনি পুরনো দিনের নকশাদার ফ্রেম ব্যবহার করতে পারেন।

বড় কাচের ব্যবহার

বাথরুমের ওয়ালে বড় কাচের ব্যবহার বাথরুমের লুকে আনবে নতুন মাত্রা। তবে বাথরুমে লম্বা কাচ ব্যবহার না করে আড়াআড়ি কাচ ব্যবহার করা ভালো। তাতে পানি লেগে কাচ নষ্ট হওয়ার ভয় থাকবে না।

প্যানেল করা

ঘরের এক ধারে একটি কাচ ব্যবহার না করে প্যানেল করে কাচের ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে ছোট-বড় বিভিন্ন সাইজের কাচ ব্যবহার করতে পারেন।

বিভিন্ন আকার

ছোট ঘরকে বড় দেখাতে আয়নার জুড়ি নেই। কারণ যেকোনো জায়গায় একটি বড় আয়না রাখা গেলে এর মধ্যে ঘরের প্রতিবিম্ব পড়ে ঘরকে বেশ বড় দেখায়। তাই ঘর ছোট হলে আয়নার অপশন রাখুন। আজকাল বাজারে বিভিন্ন শেপের আয়না পাওয়া যায়। দেখেশুনে বিভিন্ন শেপের আয়না কিনুন। সদর দরজার পাশে, সিঁড়ির ল্যান্ডিং-করিডোরসহ সব জায়গাতেই এসব আয়না অনায়াসে ব্যবহার করুন।

ঘরের রূপ পরিবর্তনে আয়না বেশ কার্যকর। সৌন্দর্যও বৃদ্ধি করবে, নতুনত্বও ফুটিয়ে তুলবে।

ইত্তেফাক/এআই