ঘোড়দৌড় প্রতিযোগিতা

‘আনন্দ দিয়ে আনন্দ পাই’

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৫:৪০

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী গ্ৰামে যুব সমাজের উদ্যোগে বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুদিন ব্যাপী প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে বাহারি নামের ৫৫ ঘোড়া অংশ নেয়।  

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা দেখতে হাজারও মানুষের ঢল নামে। 

ঘোড় দৌড় দেখতে আসা সোনামুখী গ্রামের জয়নব বিবি জানান, ঘোড় দৌড় দেখার জন্য জামাই ঝিদের নিমন্ত্রণ করা হয়েছে। প্রতি বাড়িতেই দূর দূরান্তের আত্মীয় স্বজন এসেছে। আমরা খুব আনন্দে আছি।

পঞ্চগড় জেলা থেকে আগত অংশগ্রহণকারী রেজা জানান, পাওয়ার হর্স নামের ঘোড়া নিয়ে গত দুবছর তিনি এই মাঠের চ্যাম্পিয়ন। এই ঘোড়া দিয়ে দেশের বিভিন্ন স্থানে তিনি পাঁচ শতাধিক পুরস্কার জিতেছেন।

বাঘের বাচ্চা নামের ঘোড়ার মালিক শুঘাট শেরপুরের শাহিন জানান, তিনি দেশের বিভিন্ন স্থানে তিনি ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেন।

ভবানীপুর শেরপুরের মেঘরাজ ঘোড়ার মালিক আলমগীর বলেন, আমরা আনন্দ দিয়ে আনন্দ পাই, হারজিত বড় কথা নয়।

প্রতিযোগিতায় সূর্যলাল, চুমকি, সাবধান, বিজয় বাংলা, নাগরাজ, বাটুল, রংবাজ, পঙ্খিরাজ, বিদেশি, স্বপ্নের রানি, আল্লাহর দান, বিজয় সিং, এপাচি, পারলে ঠেকাও, ফড়িং, বাঘের বাচ্চা, সহ ৫৫টি অংশগ্রহণকারী ঘোড়ার মধ্যে পঞ্চগড়ের পাওয়ার হর্স ঘোড়াটি বিজয়ী হয়, দ্বিতীয় স্থান অধিকারী বাঘের বাচ্চা এবং তৃতীয় হয় সম্রাট।

সোনামুখী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান আলী খান বলেন, গ্ৰাম বাংলার ঐতিহ্য হারিয়ে যাওয়ার পথে। ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন। এই ঘোড়দৌড় উপভোগ করতে বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার জনসাধারণ আয়োজনস্থলে হাজির হন। এ উপলক্ষে কিছুসময়ের জন্য এলাকায় আনন্দের আমেজ বিরাজ করেছিল। আমাদের ঐতিহ্য অনন্তকাল টিকে থাক।

ইত্তেফাক/আরএজে