সোলেডারে হামলায় ১০০ রুশ সেনা নিহত: ইউক্রেন 

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ২১:৫০

পূর্বাঞ্চলীয় সোলেডার শহরের কাছে রাশিয়ান সেনাদের অবস্থানে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এতে অন্তত ১০০ রুশ সেনা নিহত হয়েছে । আজ বৃহস্পতিবার সিএনএনের এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   

এক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর স্পেশাল অপারেশন ফোর্স বলেছে, তারা 'শত্রুর সমাবেশ' সনাক্ত করে এবং হামলা চালাতে আর্টিলারি ও সোভিয়েত আমলের ক্ষেপণাস্ত্র মোতায়েন করে। এরপর বেশ কয়েকবার হামলার ফলে দখলদার বাহিনীর শতাধিক সেনা নিহত হয়।

তবে সিএনএনের পক্ষ থেকে নিরপেক্ষভাবে ইউক্রেনের এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, সোলেডার শহরে প্রচণ্ড যুদ্ধ চলছে। তবে দেশটির সামরিক বাহিনীর একজন মুখপাত্র আভাস দিয়েছেন, তাদের কম্যান্ডাররা সোলেডার থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার কথা বিবেচনা করছে। 

এ ছাড়া ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার সোলেডারের পরিস্থিতিকে কঠিন বলে উল্লেখ করেন। শহরটির বড় এলাকাই ধ্বংস হয়ে গেছে বলেও জানানো হয়। 

 

ইত্তেফাক/এফএস/এসআর