ইজারা এলাকার বাইরে বালু উত্তোলনে ডিসিদের সতর্ক থাকতে হবে :হাইকোর্ট

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:৫৩

ইত্তেফাক রিপোর্ট

হাইকোর্ট বলেছে, ইজারা এলাকার বাইরে গিয়ে যাতে কেউ বালুমহাল থেকে বালু উত্তোলন করতে না পারে সেজন্য জেলা প্রশাসকদের সতর্ক থাকতে হবে। এছাড়া অবৈধভাবে পরিচালিত বালু মহাল বন্ধে প্রয়োজনে বেশি করে মোবাইল কোর্ট পরিচালনা করা দরকার। রাজশাহীর তালাইমারীর কাজলা এলাকার একটি বালু মহাল নিয়ে মামলার শুনানিতে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই মন্তব্য করেন। এ সময় রিটকারীর পক্ষে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার উপস্থিত ছিলেন।

আদালত বলেন, বালু মহাল ইজারা দেওয়া সংক্রান্ত একটি আইন রয়েছে। ওই আইনে বালু মহাল থেকে বালু উত্তোলনে কিছু নিয়ম কানুন রয়েছে। ফলে বালু উত্তোলন করতে গিয়ে যাতে সরকারি স্থাপনা বা জনবসতি হুমকির মুখে না পড়ে সেদিকে ডিসিদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। এক্ষেত্রে তাদের নজরদারি বাড়াতে হবে।

জানা গেছে, রাজশাহীর তালাইমারীর কাজলা এলাকায় পদ্মা নদী থেকে এক ব্যক্তি ইজারা ছাড়াই বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বালু মহাল ইজারা নেওয়া আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি। এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো সমাধান না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন বলে জানান সৈয়দ মামুন মাহবুব। আগামী ২৩ জুন এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।