ইত্তেফাক রিপোর্ট
পাঁচজন মেধাবী ব্যাংকার ও পাঁচ গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক। ব্যাংকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা ২০১৯’-এর জন্য নির্বাচিত পাঁচ গুণীজন ও প্রতিষ্ঠান এবং ‘এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০১৯’-এর জন্য নির্বাচিত পাঁচজন মেধাবী ব্যাংকারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। গতকাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এ ছাড়াও ব্যাংকটির চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নির্বাচিত পাঁচ গুণীজন ও প্রতিষ্ঠান হলো : শিক্ষায় স্থানীয় সরকার বিষয়ে কাজের জন্য ড. তোফায়েল আহমেদ; মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ (বীর উত্তম); অর্থনীতি ও এ-বিষয়ক গবেষণায় বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ; শিল্প ও বাণিজ্য আবুল খায়ের গ্রুপের আবুল কাশেম ও ক্রীড়ায় মো. মোশাররাফ হোসেন খান (সাঁতার)। তাঁদের প্রত্যেককে ২ ভরি ওজনের স্বর্ণপদক, ৩ লাখ টাকা ও ক্রেস্ট দেওয়া হবে।
এ ছাড়াও মেধাবী ব্যাংকার হিসেবে আইএফসি ও এবি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট উজ্জল কুমার সিংহ ও সিরাজুল ইসলাম এবং মার্কেন্টাইল, মিউচুয়াল ট্রাস্ট ও ব্যাংক এশিয়ার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ কে এম হোসেনুজ্জামান, তাওহীদ খান মজলিস ও মোহাম্মদ আরাফাত হোসেন। নির্বাচিতদের প্রত্যেককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হবে। প্রতিযোগিতার পাঁচটি ধাপ পেরিয়ে এসব মেধাবী নির্বাচিত হয়েছেন। এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড গত বছর থেকে শুরু করে ব্যাংকটি।
