মোবাইল ফোন ভিত্তিক আর্থিক সার্ভিসের (এমএফএস) ক্ষেত্রে ব্যালান্স দেখতেও এখন থেকে মোবাইল অপারেটরদের ৪০ পয়সা করে দিতে হবে। তবে এই পয়সা এমএফএস প্রতিষ্ঠান দেবে নাকি গ্রাহকের কাছ থেকে নেওয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। যারা ইন্টারনেটের মাধ্যমে অ্যাপ ব্যবহার করে ব্যালান্স দেখবেন সেক্ষেত্রে তাদের কোনো পয়সা দিতে হবে না। শুধুমাত্র যারা কি বার্টন প্রেস করে ব্যালান্স দেখবেন তাদের পয়সা লাগবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন অপারেটরদের এ অর্থ দেওয়ার জন্য বলেছে আর্থিক সেবাদাতা বিকাশ, রকেট, এমক্যাশ, শিওরক্যাশের মতো প্রতিষ্ঠানগুলোকে।
এতদিন এমএফএস কোম্পানিগুলোর সঙ্গে মোবাইল অপারেটরদের লভ্যাংশ ভাগাভাগি ছিল। এর ৭ শতাংশ পেত অপারেটররা। কিন্তু এমএফএস প্রতিষ্ঠানগুলো নানা ধরনের ফ্রি সেবা চালু রেখেছিল। ফলে তার কোনো বিল পেত না অপারেটররা। দীর্ঘদিন ধরে অপারেটররা দাবি করে আসছেন, তারা লভ্যাংশ ভাগাভাগি নয়, প্রতিটি সার্ভিসের জন্য পয়সা চাই। সেভাবেই বিটিআরসি থেকে গত ১৩ জুন এই নির্দেশনা জারি করা হয়েছে।
আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা বা ইউএসএসডির ওপর প্রতিবার ৪০ থেকে ৮৫ পয়সা পাবে মোবাইল ফোন অপারেটরগুলো। নির্দেশনায় বলা হয়েছে, ৯০ সেকেন্ডের মধ্যে একটি আর্থিক লেনদেন সম্পন্ন হলে এ জন্য মোবাইল ফোন অপারেটররা ৮৫ পয়সা পাবে। আর্থিক লেনদেন ছাড়া অন্য কাজের জন্য প্রতিবার ৪০ পয়সা দিতে হবে। প্রতিটি লেনদেন সম্পন্ন হওয়া অথবা ব্যালান্স দেখার জন্য গ্রাহকেরা নিদিষ্ট নম্বর ডায়াল করার পর ফিরতি মেসেজ পান। এটাই ইউএসএসডি। মূলত আর্থিক লেনদেন ছাড়া ব্যালান্স দেখার কাজই করেন গ্রাহক। এটার জন্য এখন ৪০ পয়সা করে দিতে হবে অপারেটরগুলোকে।
