আশুলিয়ায় চাঁদাবাজির সময় ভুয়া পুলিশ আটক

আপডেট : ১৮ জুন ২০১৯, ০০:০৮

সাভারের আশুলিয়ায় চাঁদাবাজির সময় এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। রবিবার রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি খেলনা পিস্তল ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম মো. আবুল হাশেম আকাশ (২৮)। সে রাজবাড়ী জেলার পাংশা থানার কুড়াপাড়া গ্রামের চাঁদ আলীর ছেলে। আবুল হাশেম আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকত।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান বলেন, আটক আকাশ দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজিসহ সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এলাকাবাসীর পক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার রাতে নিশ্চিন্তপুর এলাকায় চাঁদাবাজির সময় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেওয়া প্রায় ২ হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার কাঠগড়া এলাকার বিভিন্ন গ্রামে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত্ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ সংযোগ বিচ্ছিন্ন করার কাজে তিতাসের প্রায় ৮০ জন শ্রমিক অংশ নেন। স্থানীয়দের অভিযোগ, কাঠগড়া এলাকার বিভিন্ন এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ঐ এলাকার প্রভাবশালীরা। আবু সাদাত্ মোহাম্মদ সায়েম বলেন, নিয়মিত এ অভিযান মাসজুড়ে চলবে। এ সব অবৈধ সংযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হবে।