ঢাকার দোহার উপজেলায় এক গৃহবধূর নগ্ন ছবি মোবাইলে ভিডিও করে চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার একটি গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ওই গ্রামের আবুল কালামের ছেলে আব্দুস সালাম (৩৫) ও মুনসুর মোল্লার ছেলে মো. মাসুদ রানা (৩২)।
দোহার থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন জানান, গত ২৭ মে রাতে ঐ গৃহবধূ নিজঘরে কাপড় পাল্টাচ্ছিলেন। এসময় আগে থেকে ওত্ পেতে থাকা ঐ দুই বখাটে ঘরের জানালার ফাঁক দিয়ে কৌশলে ওই গৃহবধূর নগ্ন ছবির ভিডিও মোবাইলে ধারণ করে তা সংরক্ষণ করে। এরপর বিভিন্ন সময়ে বখাটেরা গৃহবধূকে তার নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে। এরপর ঐ গৃহবধূ তাদের ২০ হাজার টাকা দেন। পরবর্তী সময়ে ঐ দুইজন আবার চাঁদা চেয়ে গৃহবধূকে চাপ দিলে তিনি স্থানীয়দের সহায়তায় দোহার থানায় একটি লিখিত অভিযোগ দেন। এরপর পুলিশ ওই গৃহবধূকে দিয়ে ফাঁদ পেতে রবিবার রাতে চাঁদা দেবে বলে দুই বখাটেকে কৌশলে ডেকে এনে গ্রেফতার করে। সেইসঙ্গে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন দুইটি মেমরি কার্ডসহ জব্দ করা হয়।
ওসি আরো বলেন, এ ঘটনায় ঐ গৃহবধূ রাতেই তিনজনের নামে এবং অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে পর্ণোগ্রাফি আইনে দোহার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে ঐ দুই বখাটেকে আদালতে পাঠানো হয়।
