কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে লক্ষ্য করে গুলি করেছে দুবৃর্ত্তরা। এসময় বদি অক্ষত থাকলেও তার গাড়ির পেছনের কাঁচ ভেঙ্গে গেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বদি উখিয়া থেকে টেকনাফ ফেরার পথে ঘটনাটি ঘটে। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত অ্যাডভোকেট আহমদ হোছনের চেহলাম অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে টেকনাফের দিকে যাচ্ছিলেন।
পথে হোয়াইক্যং ইউনিয়নের দক্ষিণ কাঞ্জরপাড়াস্থ বড় মসজিদের সামনে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এসময় দুবৃর্ত্তের গুলিতে গাড়িতে পেছনের কাঁচ ভেঙ্গে যায়। টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন।
বদি জানান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহর শ্বশুর বাড়ির সামনে থেকে পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। আল্লাহর রহমত এবং জনগণের দোয়ায় গাড়ির পেছনের কাঁচ ভাঙ্গলেও আমি বেঁচে গেছি।
ইত্তেফাক/আরকেজি
