মানব পাচারের শিকার হয়ে ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৩৭ বাংলাদেশির পরিবারের সদস্যদের এক কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। পাশাপাশি মানব পাচার চক্র ও প্রতারক ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
রিট আবেদনে বলা হয়েছে, গত ৯ মে ভূমধ্যসাগরে তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে ৩৭ বাংলাদেশির মৃত্যু হয়। ভাগ্য ফেরানোর আশায় এসব যুবক বিদেশে যাচ্ছিলেন অবৈধ পথে। আর এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছেন প্রতারক ট্রাভেল এজেন্সি ও পাচার চক্র। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদন যুক্ত করে দাখিলকৃত রিটে বলা হয়, মানব পাচারের ঘটনা তদন্ত করা উচিত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে।
