শ্রীবরদীতে 'দুর্নীতিবাজ ও ঘুষখোর' সাব-রেজিস্টারের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে দলিল লেখকররা। মঙ্গলবার বিকালে শ্রীবরদীর দলিল লেখকরা মানববন্ধন করেন।
জানা যায়, দলিল নিবন্ধনের সেরেস্তা (অফিস) খরচ নিয়ে সাবরেজিস্ট্রারের সঙ্গে দলিল লেখকদের দ্বন্দ্বের কারণে সপ্তাহ যাবত জমির দলিল নিবন্ধন বন্ধ রয়েছে। ফলে জমির ক্রেতা-বিক্রেতারা ভোগান্তিতে পড়েছেন। তারা জমি ক্রয়-বিক্রয় করতে পারছেন না। গত মঙ্গলবার থেকে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
দলিল লেখক সমিতি সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর সাবরেজিস্ট্রার আব্দুর রহমান ভূইয়া গত মঙ্গলবার অফিসে প্রথম আসেন। এরপর তিনি দলিল নিবন্ধনের সেরেস্তা (অফিস) খরচ বাবদ পূর্বের দুই হাজার টাকার পরিবর্তে সাড়ে তিন হাজার টাকা দাবি করেন। কিন্তু দলিল লেখকেরা এই বাড়তি টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে সাবরেজিস্ট্রার আব্দুর রহমান ভূইয়া জমির নিবন্ধন কাজ বন্ধ রাখেন। ফলে দূর-দূরান্ত থেকে আসা জমির ক্রেতা-বিক্রেতারা ভোগান্তিতে পড়েছেন এবং অনেকেই জমির নিবন্ধন না করে বাড়ি ফিরে যান।
আরও পড়ুন: মরগানের ঝড়ো সেঞ্চুরিতে রানে পাহাড় গড়ছে ইংল্যান্ড
শ্রীবরদী দলিল লেখক সমিতির সভাপতি মো. দুলাল মিয়া বলেন, 'গত মঙ্গলবার সাবরেজিস্ট্রার কার্যালয়ের সেরেস্তায় নিবন্ধনের জন্য দলিল লেখকেরা দলিলের কাগজপত্র জমা দেন। কিন্তু সাবরেজিস্ট্রার আগের চেয়ে সেরেস্তা (অফিস) খরচ বেশি চাওয়ায় ও দলিল লেখকেরা তা দিতে অস্বীকৃতি জানানোয় তিনি (সাবরেজিস্ট্রার) দলিল নিবন্ধন করা বন্ধ রেখেছেন।'
সাবরেজিস্ট্রার আব্দুর রহমান ভূইয়া বলেন, 'আমাদের মধ্যে সামান্য ভুল বোঝাবোঝি হয়েছিল, এখন সবাই বসলেই ঠিক হয়ে যাবে। পূর্বের নিয়মের জমি রেজিস্ট্রি হবে।'
ইত্তেফাক/জেডএইচডি
