g বিনোদন রিপোর্ট
ঈদের পরই শাকিব খান-শবনম বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির শুটিং শুরু হয়। এটি নির্মাণ করছেন জাকির হোসেন রাজু। দুই নায়ক-নায়িকার শিডিউল মেলানো সম্ভব না হওয়ায় তাই মহরত অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। অবশেষে দু’জনের সময় মিললো গত সোমবার সন্ধ্যায়, সেদিনই ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হলো মহরত।
চলচ্চিত্রটির নাম নিয়ে শাকিব খান বলেন, ‘অনেকেই বলছেন এই সময়ে এসে এ ধরনের নাম ব্যাকডেটেড! আমি পরিচালক রাজু ভাইকে জিজ্ঞেস করেছি এই নাম কেন? একটু অন্যরকম নামও তো হতে পারে! উনি আমাকে যে যুক্তিটা দিয়েছিলেন সেটাও আমার হূদয় ছুঁয়ে গেছে।’
জমকালো এই মহরতে শাকিব-বুবলী ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ড. মো. মুরাদ হাসান, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, তথ্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, চিত্রনায়িকা অঞ্জনা, সোহানুর রহমান রহমান প্রমুখ।
ছবিটি নিয়ে শবনম বুবলী বলেন, ‘আমার কাছে প্রতিটি ছবিই গুরুত্বপূর্ণ। এ ছবিটি আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ এটি পরিচালনা করছেন শ্রদ্ধেয় রাজু ভাই। আশা করছি দারুণ একটি ছবি দর্শকদের উপহার দিতে পারবো।’
মনের মতো মানুষ পাইলাম না প্রযোজনা করছে দেশ মাল্টিমিডিয়া। শোনা যাচ্ছে, ঈদুল আজহায় মুক্তি পাবে ছবিটি।
