বরিশালে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জলে ভাসা মান্তা সম্প্রদায়ের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সেবা পৌঁছে দেওয়ার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বরিশালের সদর উপজেলা লাহারহাট ফেরিঘাট সংলগ্ন মান্তা সম্প্রদায়ের মাঝে মেডিকেল ক্যাম্প করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকরা পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেন। একই সময়ে শীতার্ত মান্তাদের মাঝে ২শত কম্বল বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের কেন্দ্রীয় অ্যাডভোকেসি, ক্যাম্পেইন ও পার্টনারশিপ সমন্বয়কারী আরিফুর রহমান শুভ, আমাদের প্রতিধ্বনি ফাউন্ডেশন’র ফাউন্ডার প্রেসিডেন্ট সানজিদা ভূঁইয়া হক, প্রতীকি যুব সংসদের প্রোগ্রাম ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা এবং তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারগণ সহ ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, অবহেলিত এই প্রান্তিক জনগোষ্ঠীকে অত্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং সহায়তা প্রদান করতে এ উদ্যোগ গ্রহণ করে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ও আমাদের প্রতিধ্বনি ফাউন্ডেশন। বরিশাল জেলা প্রশাসনকে সাথে নিয়ে প্রতি শীতে কম্বল বিতরণসহ কোভিড কালীন সময়ে খাদ্য সামগ্রী নিয়ে তারা আমাদের পাশে ছিল। এবারও কম্বল বিতরণের পাশাপাশি স্বাস্থ্যসেবা মান্তাদের জন্য তারা ফ্রি মেডিক্যাল ক্যাম্প করে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে।
