দখল দূষণে মৃতপ্রায় গুয়াতলী খাল

আপডেট : ১৮ জুন ২০১৯, ২১:৩৯

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

দখল করে ঘরবাড়ি নির্মাণ ও ময়লা ফেলায় মৃতপ্রায় এক সময়ের খরস্রোতা গৌরনদী পৌর এলাকার টরকী বন্দর সংলগ্ন গুয়াতলী খাল।

স্থানীয়রা জানান, পালরদী নদীর সঙ্গে খালটি সংযুক্ত হওয়ায় টরকী বন্দর সংলগ্ন গুয়াতলী খাল দিয়ে এক সময় আগৈলঝাড়ার চেংগুটিয়া ও বাশাইল বাজার পর্যন্ত স্থানীয় ব্যবসায়ীরা পণ্য পরিবহন করত। এছাড়া শত শত নৌকায় যাত্রী পরিবহন করে জীবিকা নির্বাহ করতেন এসব এলাকার দরিদ্র পরিবারের বাসিন্দারা। সময়ের বিবর্তনে পালরদী নদীর সংযোগ মুখ থেকে খালের প্রায় পাঁচ কিলোমিটার অংশ স্থানীয় কতিপয় ব্যক্তি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেছেন। এছাড়াও খাল পাড়ের বাসিন্দারা প্রতিনিয়ত ময়লা আবর্জনা খালের মধ্যে ফেলে রাখায় জনগুরুত্বপূর্ণ এ খালটি এখন মৃতপ্রায়।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাছরিন বলেন, ইতোমধ্যে উপজেলার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে খাল দখলমুক্ত করা হয়েছে। এছাড়াও কেউ যাতে খাল দখল করতে না পারে সেজন্য উপজেলা প্রশাসন সোচ্চার রয়েছে। গুয়াতলী খালটিও দখলদারমুক্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন।