ইবিতে প্রধান ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট চালুসহ কয়েক দফা দাবিতে প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।  

রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ আন্দোলন কর্মসূচি পালন করেন তারা। এসময় তাদের, খেলাধুলায় বাজেট বৃদ্ধি করো। 'আন্তঃ হল ক্রিকেট, ফুটবল বন্ধ কেন' প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়। 

এতে বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ ও শৈলকূপাগামী বাস নির্ধারিত সময়ে ছেড়ে যেতে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়। ফলে শিক্ষক, শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। পরে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করেন। 

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, তারা খেলাধুলা বাবদ প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের ফান্ডে টাকা জমা দিলেও তিন বছর ধরে আন্তঃবিভাগ কোনো খেলার আয়োজন করা হচ্ছে না। আন্তঃ বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টগুলোতেও টিম পাঠাতে অনীহা প্রকাশ করে কর্তৃপক্ষ।

একাধিক শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন ধরে তারা আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার সকল ইভেন্টে দল পাঠানো, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ খেলাগুলো চালু করা, বাৎসরিক খেলার সূচি তৈরি, সেই সঙ্গে খেলার মাঠগুলো এবং ইনডোরে খেলাধুলার পরিবেশ তৈরির দাবি জানিয়ে আসছেন। এ বিষয়ে কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিলেও বাস্তবায়ন না হওয়ায় তারা বাধ্য হয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সোহেল বলেন, পূর্নাঙ্গ টিম গঠনের জন্য আমাদের পর্যাপ্ত বাজেট নেই। বিষয়গুলো উপাচার্য এবং উপ-উপাচার্য স্যারকে জানানো হয়েছে। 

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি। শিক্ষার্থীদের এ দাবির বিষয়গুলো আমাকে জানানো হয়নি। তবে কারো কোনো দাবি থাকলে সেগুলো আলোচনার টেবিলে সমাধান করা উচিত। গেটে তালা দিয়ে দাবি আদায়ের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 

ইত্তেফাক/এআই