রূপপুর বিদ্যুৎকেন্দ্র: দ্বিতীয় ইউনিটের মূল কুল্যান্ট পাইপলাইনের কাজ সম্পন্ন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৫৩

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর ভবনে মূল কুল্যান্ট পাইপলাইনের (এমসিপি) ওয়েল্ডিংয়ের কাজ শনিবার সম্পন্ন হয়েছে। ২৮টি জয়েন্টের সংযোগকরণ, ওয়েল্ডিং এবং হিট ট্রিটমেন্টে সময় লেগেছে ৬০ দিন। বিশেষ ধরনের স্টেইনলেস স্টিলের সাহায্যে প্রলেপ প্রদানের কাজে অতিরিক্ত ছয় দিন লেগেছে। এই বিশেষ প্রলেপ পাইপলাইনকে ক্ষতিকারক বস্তুর প্রভাব থেকে রক্ষা করবে। প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর মূল কুল্যান্ট পাইপলাইনের ওয়েল্ডিংয়ের কাজ সম্পন্নের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মূল কুল্যান্ট পাইপলাইন মূলত একাধিক পাইপের সমন্বয়ে গঠিত যা, প্রাইমারি সার্কিটের সঙ্গে যুক্ত থাকে। এতে চারটি লুপ রয়েছে এবং প্রতিটি রিয়্যাক্টর, রিয়্যাক্টর কুল্যান্ট পাম্প এবং বাষ্প জেনারেটরের সঙ্গে সংযুক্ত। মূল কুল্যান্ট পাইপলাইনটি ১৪০ মিটার দীর্ঘ এবং এর অভ্যন্তরীণ ব্যাস ৮৫০ মি. মি. এবং মোট ওজন ২৩৮টন।

এএসই ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের রাশিয়ান পরিচালক আলেক্সী ডেইরি জানান, বিদ্যুৎকেন্দ্র পরিচালনার সময় এই মূল কুল্যান্ট পাইপলাইনের মধ্য দিয়ে ৩২০ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় কুল্যান্ট (শীতলীকরণ পদার্থ) প্রবাহিত করা হবে। অতএব, এটি একটি দায়িত্বপূর্ণ কাজ যাতে শুধুমাত্র অত্যন্ত অভিজ্ঞ ওয়েল্ডারদেরই নির্বাচন করা হয়। উচ্চমান এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে কাজের বিভিন্ন পর্যায়ে প্রতিটি ওয়েল্ডিং জয়েন্টের সাতটি ইন্সপেকশন করা হয়ে থাকে। গুরুত্বপূর্ণ এই কাজের সঙ্গে রুশ প্রতিষ্ঠান এনার্গোস্পেতসমন্তাঝের শতাধিক কর্মী যুক্ত ছিলেন। অন্য রুশ প্রতিষ্ঠান নিকিমিত-এতমস্ত্রয় কারিগরি, বিশেষজ্ঞ ও পরামর্শ সহায়তা প্রদান করেছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্টাক্টর রাশিয়ার রসাটম করপোরেশনের প্রকৌশল শাখা। প্রকল্পটিতে দুটি ইউনিট স্থাপিত হবে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়ার্ট। প্রতিটি ইউনিটে থাকছে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর রিয়্যাক্টর, যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।

 

ইত্তেফাক/ইআ