চট্টগ্রামে ভুয়া ডাক্তার গ্রেফতার জেল-জরিমানা

আপডেট : ১৮ জুন ২০১৯, ২১:৪৪

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসি মালিকের দণ্ড

 চট্টগ্রাম অফিস

নগরীর দক্ষিণ পতেঙ্গার বিজয় নগরে বিকিরন বড়ুয়া নামে এক ভুয়া ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় আয়েশা মেডিকেল নামে এক ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা এবং মালিক ফরিদুল আলমকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি, র্যাব-৭ এর সিনিয়র পুলিশ সুপার মিমতানুর রহমান।

জেলা প্রশাসন ও র্যাব সূত্রে জানা যায়, গত সোমবার বিকালে কথিত ডাক্তার বিকিরন বড়ুয়াকে রোগী সেজে সাক্ষাত্ করে এক পর্যায়ে গ্রেফতার করা হয়। বিএমডিসির মিথ্যা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দীর্ঘদিন ধরে জালিয়াতি করে আসছিল সে।

এদিকে, ভুয়া ডাক্তারের চেম্বার আয়েশা মেডিকেল ফার্মেসিতে তল্লাশি চালিয়ে ৪ বস্তা অননুমোদিত ও অবৈধ, ব্যবহার নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়। এর মধ্যে ২০১৩ সালের মেয়াদোত্তীর্ণ ওষুধ রয়েছে। এ সময় ফার্মেসির মালিক ফরিদুল আলমকে ৫০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।