দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
দেবিদ্বারে ১১ বছরের এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে সিএনজি চালিত অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। আটক সিএনজি চালক মো. সোহেল এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বলাগাজীর বাড়ির শফিকুল ইসলামের ছেলে। শিশুটি মোহাম্মদপুর আলিম মাদরাসার ছাত্রী।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত মো. সোহেলকে মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে আটক করে। এ ঘটনায় বিকালে ওই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ভুক্তভোগী ওই শিশুর মা জানান, সোহেল আমার মেয়েকে লোভ-লালসা ও ভয়ভীতি দেখিয়ে নিয়মিত ধর্ষণ করতো। মেয়ে এতোদিন ভয়ে কিছু বলেনি। মঙ্গলবার সে আমাকে ধর্ষণের ঘটনা খুলে বলে।
দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, শিশুটিকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। তার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আটককৃত সোহেলকে মামলার প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
