সৈয়দপুরে রেলওয়ের ভবন গায়েব!

আপডেট : ১৮ জুন ২০১৯, ২১:৪৬

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুর রেলওয়ে কারখানার মূল্যবান একটি ভবন গায়েব হয়ে গেছে। কিছুদিন আগেও ওই ভবনটি দেখা গিয়েছিল। অভিযোগ উঠেছে, ঈদ-উল ফিতরের সরকারি ছুটির সময় ওই ভবনটি গায়েব করে ফেলা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন সৈয়দপুর রেলওয়ে কারখানার এসএসএই ওয়ার্কস কর্মকর্তা তহিদুল ইসলাম।

জানা গেছে, সৈয়দপুর রেলওয়ে কারখানা স্থাপনের সময় বিভিন্ন শ্রেণি পেশার কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মাণ করা হয়েছিল বিভিন্ন অডিটোরিয়াম ও ইনস্টিটিউট। তারই একটি ভবন হলো সৈয়দপুর গার্ডপাড়ার রেলওয়ে মাঠ সংলগ্ন বিআরসিং ইনস্টিটিউট। ভবনটি ছিল  সৈয়দপুর রেলওয়ে কারখানার তৃতীয় শ্রেণির কর্মচারীদের জন্য পাঠাগার ক্লাব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ছোট পরিসরের অডিটোরিয়াম।

সৈয়দপুর রেলওয়ে কারখানার এসএসএই ওয়ার্কস কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন, হঠাত্ করে জানতে পারি ঈদের ছুটির সময় সৈয়দপুর রেলওয়ে কারখানার গার্ডপাড়া এলাকার জি/১২১ নম্বর বিল্ডিংটি ভেঙে ফেলা হয়েছে। এটির অনুসন্ধানে আমরা নেমেছি। গত ৮ জুন এ ব্যাপারে  সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা জানান, ঘটনাটি তদন্ত করে  দেখা হচ্ছে।