কলেজছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বখাটের জেল

আপডেট : ১৮ জুন ২০১৯, ২১:৪৬

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ইয়াকুব আলী (৩৫) নামে বখাটে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ইয়াকুব সৈয়দপুর শহরের নিয়ামতপুর সরকারপাড়ার নুর আমিনের ছেলে।

উত্ত্যক্তের শিকার তরুণীর বাসা শহরের মুন্সীপাড়ায়। তিনি দিনাজপুর সরকারি কলেজের অনার্সের ছাত্রী।

পুলিশ জানায়, বখাটে ঐ যুবক মেয়েটিকে কলেজ যাওয়া আসার সময় উত্ত্যক্ত করত। সোমবার বিকালে মেয়েটির পরিবার থানায় অভিযোগ দিলে এসআই মমতাছের হাসান মাসুম অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে ঘটনার সত্যতা স্বীকার করলে পুলিশ সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম গোলাম কিবরিয়া কলেজছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বখাটে ইয়াকুবকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।