বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছী উপজেলা সদরসহ ৮টি ইউনিয়নে বিভিন্ন হাট-বাজারে গবাদি পশু পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই জবাই ও মাংস বিক্রি চলছে।
মাংস বিক্রির ক্ষেত্রে সরকারি বিধি-নিষেধ সম্পূর্ণভাবে উপেক্ষা করে চলছে কসাইয়েরা।
বদলগাছী সদর হাটে কসাইখানা না থাকায় ছোট যমুনা নদীর ধারে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে গরু-ছাগল জবাই চলছে। ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য হয়ে পড়ছে হুমকির মুখে। নিয়মমোতাবেক মাংসের ওপর সিল মেরে বাজারজাত করার নিয়ম থাকলেও বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নে তা কেউ মানছে না। আইন অনুসারে উপজেলা প্রাণিসম্পদ সার্জেন অফিস থেকে সনদপত্র নিয়ে পশু জবাইয়ের সার্টিফিকেট নিতে হবে।
অভিযোগ রয়েছে, হাটে গিয়ে কিছু ডাক্তার ও স্যানিটারি ইনস্পেক্টর হাত খরচা নিয়ে পরীক্ষা ছাড়াই গরু-ছাগল জবাইয়ের অনুমতি দিয়ে থাকে।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিয়াউর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করার জন্য সাংবাদিকদের বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আলী বলেন, নিয়ম অনুযায়ী উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে পশু জবাইয়ের ফিটনেস সার্টিফিকেট নিয়ে জবাই করতে পারবে।
