বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা মনিটর করবে ৯ রাষ্ট্র

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪১

বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে  মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি) এর সদস্য দেশগুলোর এক বৈঠক করেন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এ আলোচনা অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র, বৃটেন, কানাডা, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ডের সিনিয়র কূটনীতিকরা এ নিয়ে নিয়মিত পর্যালোচনা বৈঠক করবেন।

মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি) নামের বৈশ্বিক জোটের সদস্য ওই ৯ দেশের কূটনীতিকরা গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় বসেছিলেন আজ।

মিডিয়া ফ্রিডম কোয়ালিশন বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি একটি ক্রস-আঞ্চলিক অংশীদারিত্ব যা অনলাইন এবং অফলাইনে মিডিয়ার স্বাধীনতার সমর্থনে একসঙ্গে কাজ করে।  সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের নিরাপত্তাকে সমর্থন করে এবং যারা সাংবাদিকদের ক্ষতি করে তথা মিডিয়ার কাজকে কঠোরভাবে সঙ্কুচিত করার অপচেষ্টা চালায় তাদের জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে।

মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হেলেন লা-ফেইভ ঢাকায় এমএফসির কূটনৈতিক নেটওয়ার্ক উদ্যোগ চালু করার জন্য এবং সংবাদপত্রের স্বাধীনতার সমর্থনের জন্য উপস্থিত প্রতিনিধিদের ধন্যবাদ জানান।  সুশীল সমাজের সদস্য ও সাংবাদিকরা ঢাকার উদ্বোধনী বৈঠকে উপস্থিত হয়ে গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কিত তাদের কাজের বর্ণনা দেন।

এমএফসি জুলাই ২০১৯ সালে গ্লোবাল কনফারেন্স ফর মিডিয়া ফ্রিডম এ প্রতিষ্ঠিত হয়। ছয়টি মহাদেশের ৫০টির বেশি রাষ্ট্র ওই কোয়ালিশনের সঙ্গে রয়েছে।

ইত্তেফাক/এএইচপি