এক মঞ্চে দাঁড়িয়ে নির্বাচিত হলে বগুড়া উন্নয়নের ঘোষণা দিলেন বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিভিন্ন দলের পাঁচ প্রার্থী। গতকাল মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে ৫ জন প্রার্থী এই অঙ্গীকার করেন। সুজন বগুড়া জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রার্থী টি জামান নিকেতা, বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ মুসলীম লীগের মুফতী রফিকুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান। অপর দুই স্বতন্ত্র প্রার্থী অনুষ্ঠানে উপস্থিত হননি।
প্রশ্নোত্তর পর্বে টি জামান নিকেতা বলেন, আমাকে নির্বাচিত করলে বগুড়ার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করব। রেললাইন, বিমানবন্দর চালুর পরিকল্পনার কথা বলেন জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমর। নির্বাচিত হলে সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বগুড়ার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। নিজেকে আলেম দাবি করে সংসদকে প্রাণবন্ত করতে দলমত নির্বিশেষে আমাকে প্রয়োজন আছে বলে মন্তব্য করেন বাংলাদেশ মুসলীম লীগের প্রার্থী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সুজনের সাধারণ সম্পাদক হুমায়ূন ইসলাম তুহিন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত পাঁচ
এদিকে বিএনপির স্থানীয় অফিসকে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহার করা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ এবং স্বতন্ত্র প্রার্থী মো. মিনহাজের অন্তত পাঁচজন সমর্থক আহত হয়েছে। সোমবার সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা নিয়েছেন।
