নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় ফেরার সিদ্ধান্ত ইবি শিক্ষকদের

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩০

গুচ্ছপদ্ধতির ভর্তি প্রক্রিয়ায় নানা অব্যবস্থাপনা, শিক্ষার্থীসংকট এবং এর উদ্দেশ্য সফল হয়নি দাবি করে এ প্রক্রিয়া থেকে বের হয়ে নিজস্ব ব্যবস্থাপনার স্বতন্ত্র ভর্তি পরীক্ষায় ফেরার পক্ষে মত দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার এ তথ্য জানিয়েছেন। 

তারা বলেন, শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব সিদ্ধান্তসমূহ আমরা চিঠির মাধ্যমে প্রশাসনকে জানাব। 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার বলেন, গুচ্ছপদ্ধতিতে ভর্তিচ্ছুদের সুবিধার চেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে। যে উদ্দেশ্যে এ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছিল তা সফল হয়নি। 

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, গুচ্ছভর্তি পরীক্ষায় গত বছরের মতো এ বছরও বিভিন্ন অব্যবস্থাপনা ও শিক্ষার্থীসংকটে পড়তে হয়েছে। এসব বিষয় বিবেচনা করে নিজস্ব পদ্ধতিতে ভর্তিপরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছেন শিক্ষক সমিতির সদস্যরা। 

শিক্ষক সমিতির সিদ্ধান্তের বিষয়ে উপউপাচার্য প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান বলেন, এ ব্যাপারে এখনো লিখিত কিছু পাইনি। আসলে শিক্ষকদের নিয়েই তো বিশ্ববিদ্যালয়। এখানে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।

 

ইত্তেফাক/ইআ