ঢাকার বায়ুর মানে উন্নতি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৮

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার বায়ুর মানের বেশ উন্নতি হয়েছে। সকাল সাড়ে ৮টায় বায়ুর মান ১৩৬ স্কোর নিয়ে তালিকার ১৯তম স্থানে যা, ‘অস্বাস্থ্যকর’ অবস্থা কেটে বিশেষ ব্যক্তিদের জন্য ‌‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। এ তালিকায় ১৯৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার সারাজেভো শহর।

এছাড়া একই সময়ে একিউআই স্কোর ১৯৪ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক। ১৮২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পোল্যান্ডের ক্রাকো শহর। ১৭৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের মুম্বাই শহর। অষ্টম ও দশম স্থানে যথাক্রমে পাকিস্তানের লাহোর ও করাচি। নবম স্থানে রয়েছে ভারতের কলকাতা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

একিউআইয়ের তথ্যানুযায়ী, ০ থেকে ৫০ পর্যন্ত ভালো বায়ু, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে, খুবই অস্বাস্থ্যকর। স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর বায়ুর মান ৩০০ এর বেশি থাকা মানে ওই স্থানের বায়ু খুবই বিপজ্জনক।

ইত্তেফাক/কেকে