এবার চীনের আকাশে ‘সন্দেহজনক বস্তু’

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫০

এবার চীনের জলসীমায় ‘সন্দেহজনক বস্তু’ উড়তে দেখা গেছে। এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা ও লাতিন আমেরিকার এমন বস্তু দেখা গিয়েছিল। চীনা কর্তৃপক্ষ সেটিকে গুলি করে ভূপাতিত করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। স্থানীয় পত্রিকা দ্য পিপলের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

চীনের কিংডাও জিমো জেলার নৌ উন্নয়ন কর্তৃপক্ষের একজন কর্মচারী জানান, কিংডাও বন্দরনগরীর কাছে জলসীমার ওপরে একটি ‘সন্দেহজনক বস্তু’ উড়তে দেখা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটিকে গুলি করে ভূপাতিত করার প্রস্তুতি নিচ্ছে। 

কিংডাও বন্দর কর্তৃপক্ষ জেলেদের উদ্দেশ্যে এক বার্তায় বলেছে, ‘যদি আপনার নৌকার আশপাশে ধ্বংসাবশেষ পড়ে, তাহলে প্রমাণ হিসেবে ছবি তুলে রাখুন এবং ধ্বংসাবশেষ উদ্ধার করতে সাহায্য করুন।’ 

গতকাল কানাডার আকাশেও একটি সন্দেহজনক বস্তু শনাক্ত করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডার উত্তর-পশ্চিমের ইউকন অঞ্চলের আকাশসীমায় সন্দেহজনক বস্তুটি শনাক্ত করার পর সেটি ধ্বংস করতে কানাডা ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান পাঠানো হয়। শেষে মার্কিন যুদ্ধবিমান এফ-২২ সেটিকে গুলি করে ভূপাতিত করে। 

এর আগে গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে আলাস্কার আকাশে প্রায় ৪০ হাজার ফুট উঁচুতে একটি সন্দেহজনক বস্তুকে উড়তে দেখা গিয়েছিল। পরে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে বস্তুটিকে যুদ্ধবিমানের সহায়তায় গুলি করে ভূপাতিত করা হয়। এ ছাড়া লাতিন আমেরিকার আকাশেও সন্দেহজনক বস্তুকে শনাক্ত করেছিল যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের আকাশে প্রথম সন্দেহজনক বস্তু শনাক্ত হয় গত ৩ ফেব্রুয়ারি। পরে আটলান্টিক মহাসাগরের ওপরে গুলি করে ভূপাতিত করা হয় বেলুন সদৃশ বস্তুটিকে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন ওই বেলুন পাঠিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সাইটগুলোতে গুপ্তচরবৃত্তি করছিল। 

সাম্প্রতিক এ বেলুনকাণ্ডে ওয়াশিংটন ও বেইজিংয়ের দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা ছড়িয়েছে। গত ৫ ও ৬ ফেব্রুয়ারি ব্লিংকেনের চীন সফরের কথা ছিল, কিন্তু তিনি সেই সফর স্থগিত করেছেন। 

ইত্তেফাক/এফএস