চট্টগ্রামে খাল উদ্ধারে জুলাইয়ে অভিযান

আপডেট : ১৯ জুন ২০১৯, ০০:০৭

নগরীর খালগুলোর ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হবে। জলাবদ্ধতা নিরসনে ‘মেগা প্রকল্প’ বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করবে। গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন শীর্ষক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিডিএ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, সিডিএ সচিব তাহের ফেরদৌসসহ প্রকল্প সংশ্লিষ্টরা এবং সিডিএ, চট্টগ্রাম সিটি করপোরেশন, ওয়াসা, পিডিবিসহ সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকভাবে নগরীর ১৩টি খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে উচ্ছেদ অভিযান শুরু করবে সেনাবাহিনী। ২০১৮ সালের ৯ এপ্রিল চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে গৃহীত মেগা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সিডিএর সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এরপর সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর খালের উভয় পাশে রিটেইনিং ওয়াল, রাস্তা নির্মাণ ও নিচু ব্রিজগুলো ভেঙে উঁচু করার কাজ শুরু করে।