এভাবে বদলি করলে সত্ কর্মকর্তারা উত্সাহ হারাবেন :হাইকোর্ট

আপডেট : ১৯ জুন ২০১৯, ০০:১৪

হাইকোর্ট বলেছে, আড়ংয়ে অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাকে ঈদের বন্ধের মধ্যে যেভাবে বদলি করা হয়েছে সেটা লজ্জার। যারা তাকে বদলি করেছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ ধরনের বদলির ফলে প্রশাসনে যারা সত্ অফিসার হিসেবে পরিচিত এবং দেশের জন্য ভালো কাজ করতে ইচ্ছুক তারা নিরুত্সাহিত হবেন।

গতকাল মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ মন্তব্য করেন। আদালত বলেন, বন্ধের মধ্যে ওই কর্মকর্তার বদলির আদেশ স্থগিত করতে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছে। যদি সবকিছুতে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয় তাহলে সচিবরা কেন আছেন? তারা কি ওদের পকেটে ঢুকে গেছে?

উল্লেখ্য, পবিত্র রমজান মাসের শেষ দিকে পণ্যের অতিরিক্ত দাম নেওয়ায় এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে আড়ংয়ের উত্তরা শাখায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযোগ প্রমাণিত হওয়ায় আড়ংকে কয়েক লাখ টাকা জরিমানা করা হয়। তবে এ ঘটনার পরপরই তাকে বদলি করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বদলির আদেশ স্থগিত করা হয়। গতকাল মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে করা একটি রিট মামলার শুনানিকালে এ বিষয়টি উঠে আসে।