মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারের আপিল শুনানি শুরু

আপডেট : ১৯ জুন ২০১৯, ০০:১৫

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে গতকাল মঙ্গলবার এই আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। বেঞ্চের অপর তিন সদস্য হলেন— বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. নুরুজ্জামান।

এদিকে গতকাল শুনানি শুরুর আগে আবারো প্রস্তুতির জন্য সময় চান আসামি পক্ষের অ্যাডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদীন তুহিন। আদালত বলেন, এতদিন সময় পেলেন, কেন প্রস্তুতি নেননি। আজ শুরু করেন। এরপরই আপিলের পেপারবুক পড়া শুরু করেন ওই আইনজীবী। আজ বুধবার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা উপস্থিত ছিলেন।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ একাত্তরে রংপুর জেলা আলবদর বাহিনীর কমান্ডার এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে আবেদন করেন। সাড়ে চার বছর পর এই আপিলের উপর শুনানি শুরু হলো।