কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন ও পদত্যাগের দাবির মুখে ৩ দিনের ছুটিতে গেছেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল। গতকাল মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলামকে নৈমত্তিক ছুটি ভোগের বিষয়টি অবহিত করেন তিনি। তবে ডিজির ছুটির বিষয়টিকে হাস্যকর হিসেবে আখ্যায়িত করেছেন ইফা সচিব।
সামীম আফজালের পদত্যাগের দাবিতে গতকাল সকাল থেকে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে কর্মবিরতি শুরু করেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। ভেঙে পড়েছে সংস্থাটির ‘চেইন অব কমান্ড’। পরিস্থিতি সামাল দিতে পদত্যাগ না করে ইফার সচিবের কাছে তিন দিনের ছুটি চেয়েছেন সামীম মোহাম্মদ আফজাল। এদিকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুলস্নাহ গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের অচলাবস্থা কাটাতে মহাপরিচালককে পদত্যাগ করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, শুভবুদ্ধির উদয় হলে, আশা করি তিনি নিজেই পদত্যাগ করবেন।
জানা গেছে, গত সাড়ে দশ বছর চুক্তিভিত্তিক নিয়োগে থাকা ডিজি সামীম মোহাম্মদ আফজালের ব্যাপক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার কারণে ফুঁসে উঠেছেন ইফা’র সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। গত এক সপ্তাহ ধরে ইফাতে চলছে অচলাবস্থা। তার পদত্যাগের দাবিতে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা গতকাল সারাদিন অবস্থান কর্মসূচি পালন করেছেন। এমনকি যিনি ডিজির পক্ষ হয়ে গুরুত্বপূর্ণ গোপন দুর্নীতির ফাইল সরানোর চেষ্টা করেছিলেন, সেই পরিচালকও এখন ডিজিকে ছেড়ে আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নিয়েছেন।
ইসলামিক ফাউন্ডেশন ডিজির শ্যালিকা, ভাতিজা, ভাতিজা বৌ, ভাগিনা ও ভাগ্নি প্রায় সবাই এখন প্রথম শ্রেণির কর্মকর্তা। ২১ জন নিকটাত্মীয়কে নিয়োগ দিয়ে ইসলামিক ফাউন্ডেশনকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করার অভিযোগ উঠেছে ডিজি সামীম মোহাম্মদ আফজালের বিরুদ্ধে।
